সর্বশেষ হালনাগাদ:
চ্যাটজিপিটি (ChatGPT) হলো এমন একটি এআই চ্যাট টুল, যাকে সাধারণ ভাষায় প্রশ্ন লিখলে বা মুখে বললে উত্তর দেয়। বাংলাতেও প্রশ্ন করা যায়। দরখাস্ত লেখা, অনুবাদ, পড়া বোঝা বা নতুন কিছু শেখার কাজে এটি এখন অনেকে প্রতিদিন ব্যবহার করেন। এই লেখায় চ্যাটজিপিটি কী, কীভাবে লগইন ও ব্যবহার করবেন, ফ্রিতে কী পাওয়া যায় এবং কী কী সতর্কতা মানতে হবে তা ধাপে ধাপে দেওয়া হলো।
সংক্ষেপে: চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম
- ব্রাউজারে chatgpt.com খুলুন, অথবা Google Play বা App Store থেকে OpenAI-এর অফিসিয়াল ChatGPT অ্যাপ নামান।
- লগইন ছাড়াও সীমিতভাবে প্রশ্ন করা যায়। চ্যাট সংরক্ষণ ও বেশি সুবিধার জন্য ইমেইল, গুগল, মাইক্রোসফট বা অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন।
- নিচের বক্সে বাংলা বা ইংরেজিতে প্রশ্ন লিখে Enter চাপুন। মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে কথা বলেও প্রশ্ন করা যায়।
- সাধারণ ব্যবহার ফ্রি। বাড়তি সুবিধার জন্য পেইড প্ল্যান আছে, তবে শুরু করতে টাকা লাগে না।
অনেকে চেটজিপিটি, চ্যাট জিপিটি বা চ্যাটজিটিপি লিখে খোঁজেন। সবগুলোই একই সেবা, যার সঠিক নাম ChatGPT।
চ্যাটজিপিটি কী এবং কে তৈরি করেছে
ChatGPT-এর পূর্ণরূপ Chat Generative Pre-trained Transformer। এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান OpenAI। ২০১৫ সালে স্যাম অল্টম্যান, ইলন মাস্ক, গ্রেগ ব্রকম্যান, ইলিয়া সুতস্কেভারসহ কয়েকজন মিলে OpenAI প্রতিষ্ঠা করেন। ইলন মাস্ক পরে প্রতিষ্ঠানটির বোর্ড থেকে সরে যান। এখন OpenAI-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। ২০২২ সালের ৩০ নভেম্বর সবার জন্য এই সেবা উন্মুক্ত করা হয়।
এটি একটি বড় ভাষা মডেল (Large Language Model)। বিপুল পরিমাণ লেখা থেকে প্রশিক্ষণ নিয়ে এটি প্রশ্নের প্রসঙ্গ বুঝে উত্তর তৈরি করে। আগের সংস্করণগুলো শুধু পুরোনো তথ্য জানত। এখনকার সংস্করণ প্রয়োজনে ইন্টারনেটে খুঁজে সাম্প্রতিক তথ্যও দিতে পারে এবং উৎসের লিংক দেখায়।
চ্যাটজিপিটি লগইন ও অ্যাকাউন্ট খোলার নিয়ম
- chatgpt.com খুলে উপরের Sign up বা Log in বাটনে চাপুন।
- Continue with Google, Microsoft বা Apple বেছে নিলে সেই অ্যাকাউন্ট দিয়েই সরাসরি লগইন হবে। ইমেইল দিয়ে খুলতে চাইলে ইমেইল ও পাসওয়ার্ড দিন, তারপর ইমেইলে আসা কোড বা লিংক দিয়ে যাচাই করুন।
- নাম ও জন্মতারিখ দিন। ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হতে হয়, আর ১৮ বছরের কম হলে অভিভাবকের অনুমতি লাগে।
- লগইনের পর বাম পাশে আগের সব চ্যাট দেখা যাবে। মোবাইল অ্যাপে একই অ্যাকাউন্ট দিয়ে লগইন করলে চ্যাটগুলো সেখানেও পাবেন।
লগইন সমস্যা হলে কী করবেন
- পাসওয়ার্ড ভুলে গেলে: লগইন পেজে Forgot password দিয়ে ইমেইলে রিসেট লিংক নিন। গুগল দিয়ে খোলা অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড থাকে না, আবার গুগল দিয়েই লগইন করুন।
- কোড আসছে না: ইমেইলের Spam ফোল্ডার দেখুন এবং কয়েক মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করুন।
- “Too many requests” বা পেজ লোড হচ্ছে না: কিছুক্ষণ পর চেষ্টা করুন, ব্রাউজার রিফ্রেশ করুন বা অন্য ব্রাউজার ব্যবহার করুন।
চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম: ভালো উত্তর পাওয়ার কৌশল
প্রশ্ন যত পরিষ্কার হবে, উত্তর তত কাজের হবে। শুধু “দরখাস্ত লিখে দাও” না লিখে কার কাছে, কী কারণে এবং কোন ভাষায় লিখতে হবে তা জানিয়ে দিন। যেমন:
- “উপজেলা নির্বাহী অফিসারের কাছে রাস্তা মেরামতের জন্য বাংলায় একটি দরখাস্ত লিখে দাও, গ্রামের নাম রামপুর।”
- “এই ইংরেজি চিঠিটি সহজ বাংলায় বুঝিয়ে দাও।” এরপর লেখাটি পেস্ট করুন।
- উত্তর পছন্দ না হলে লিখুন “আরও ছোট করো” বা “আরও সহজ ভাষায় লেখো”। আগের কথা মনে রেখেই এটি উত্তর বদলে দেয়।
ছবি বা পিডিএফ আপলোড করে সেটি নিয়েও প্রশ্ন করা যায়। মোবাইল অ্যাপে ভয়েস মোডে সরাসরি কথা বলেও প্রশ্ন করা যায়।
চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যায়
| কাজ | উদাহরণ |
|---|---|
| লেখালেখি | দরখাস্ত, সিভি, ইমেইল, ফেসবুক পোস্ট |
| অনুবাদ ও ব্যাখ্যা | ইংরেজি, আরবি বা অন্য ভাষার লেখা বাংলায় বোঝা |
| পড়াশোনা | কঠিন বিষয় সহজ করে বোঝা, গণিতের ধাপ দেখা, কুইজ বানানো |
| ভাষা শেখা | ইংরেজি বা বিদেশি ভাষায় কথোপকথনের অনুশীলন |
| কাজ ও ব্যবসা | পণ্যের বিবরণ, হিসাবের ছক, আইডিয়া তৈরি |
| প্রোগ্রামিং | কোড লেখা ও ভুল খুঁজে বের করা |
ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজে যারা আছেন, তারা লেখা ও গবেষণার প্রাথমিক খসড়া তৈরিতে এটি কাজে লাগান। তবে চূড়ান্ত কাজটি নিজে যাচাই ও সম্পাদনা করে জমা দেওয়াই নিরাপদ।
চ্যাটজিপিটি কি ফ্রি?
হ্যাঁ, সাধারণ ব্যবহারের জন্য একটি ফ্রি প্ল্যান আছে। ফ্রি প্ল্যানে প্রতিদিন সর্বাধুনিক মডেল ব্যবহারের একটি সীমা থাকে। সীমা শেষ হলে কিছু সময়ের জন্য তুলনামূলক হালকা মডেলে উত্তর আসে। বেশি ব্যবহার, দ্রুত উত্তর ও বাড়তি ফিচারের জন্য Plus-এর মতো পেইড প্ল্যান আছে। দাম ও প্ল্যানের নাম সময়ের সঙ্গে বদলায়, তাই সাবস্ক্রিপশন নেওয়ার আগে chatgpt.com-এর Upgrade পেজে সর্বশেষ দাম দেখে নিন।
চ্যাটজিপিটি ব্যবহারে সতর্কতা
- উত্তর ভুল হতে পারে: OpenAI নিজেই বলে যে উত্তরে ভুল থাকতে পারে। সরকারি নিয়ম, ফি, স্বাস্থ্য বা আইনি বিষয়ে অফিসিয়াল উৎস থেকে মিলিয়ে নিন।
- ব্যক্তিগত তথ্য দেবেন না: পাসওয়ার্ড, এনআইডি নম্বর, ব্যাংক বা বিকাশের পিন কখনো লিখবেন না।
- ভুয়া অ্যাপ থেকে সাবধান: প্লে স্টোরে ডেভেলপারের নাম OpenAI কিনা দেখে নিন। “ফ্রি প্রিমিয়াম চ্যাটজিপিটি” বলে টাকা বা লগইন তথ্য চাওয়া অ্যাপ ও ফেসবুক পেজ এড়িয়ে চলুন।
- ডেটা নিয়ন্ত্রণ: Settings-এর Data controls অংশ থেকে চ্যাট মডেলের প্রশিক্ষণে ব্যবহার হবে কিনা তা বন্ধ করা যায়। সংরক্ষণ ছাড়া চ্যাট করতে Temporary chat ব্যবহার করুন।
সাধারণ প্রশ্ন
চ্যাটজিপিটি কি বাংলা বোঝে?
হ্যাঁ। বাংলায় প্রশ্ন করলে সাধারণত বাংলাতেই উত্তর দেয়। উত্তর ইংরেজিতে এলে লিখুন “বাংলায় উত্তর দাও”।
লগইন ছাড়া কি ব্যবহার করা যায়?
হ্যাঁ, chatgpt.com-এ লগইন ছাড়াও প্রশ্ন করা যায়। তবে তখন চ্যাট সংরক্ষিত থাকে না এবং ফাইল আপলোডের মতো কিছু সুবিধা সীমিত থাকে।
চ্যাটজিপিটির বিকল্প কী আছে?
গুগলের Gemini, মাইক্রোসফটের Copilot এবং Anthropic-এর Claude জনপ্রিয় বিকল্প। কাজের ধরন অনুযায়ী যেকোনোটি ব্যবহার করতে পারেন। এআই দিয়ে ভিডিও তৈরির মতো কাজে আলাদা টুল লাগে।
চ্যাটজিপিটি কি মানুষের চাকরি নিয়ে নেবে?
এটি অনেক কাজ দ্রুত করতে সাহায্য করে, তবে যাচাই, সিদ্ধান্ত ও দায়িত্ব মানুষকেই নিতে হয়। যারা এআই টুল ভালোভাবে ব্যবহার করতে শিখছেন, তারা কাজে এগিয়ে থাকছেন। মোবাইল দিয়ে অনলাইন কাজ শিখতে চাইলে পড়ুন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং।
তথ্যসূত্র: OpenAI (openai.com), ChatGPT সহায়তা কেন্দ্র (help.openai.com)। ফিচার, প্ল্যান ও দাম সময়ের সঙ্গে বদলায়, তাই সর্বশেষ তথ্য অফিসিয়াল সাইটে দেখে নিন।







2 Responses
Nuruzzaman SHAHIN
কোন কিছু বুঝতে না পারলে মন্তব্য করতে পারেন।